বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন করেনি : খায়রুল কবির খোকন
- আপডেট সময় ১০:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 277

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন করেনি। তারা কোটাবিরোধী আন্দোলন করেছিল।’
রবিবার বিকালে নরসিংদী শিশু একাডেমিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘এনসিপি নাবালক সংগঠন, যাদের এখনো নিবন্ধনই হয় নি। তাদের কথায় কি দেশ চলবে। তারা এখন দাবি করছেন, ৫ই আগস্টের তারাই নাকি মূল হর্তাকর্তা। কিন্তু আমরা দেখেছি তারা কোটাবিরোধী আন্দোলন করেছে। ডিবি হারুনের ভাতের হোটেলে মুচলেকা দিয়ে এসেছিল, তারা সরকারের পতন চায় নাই, তারা কোটাবিরোধী দাবি আদায়ের আন্দোলন করেছিল।’
খায়রুল কবির খোকন বলেন, ‘আজকে যারা উপদেষ্টা, তারা একদিনও কি মিছিল-মিটিং করেছে, জনগনের বিপদে আপদে দাঁড়িয়েছে?। একজনও কি মার খেয়েছে, জেল খেটেছে, মিছিল করেছে। আজকে তারা উপদেষ্টা হয়ে বসে আছেন। গায়ের জোড়ে দেশ চালাবেন। দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দেন।’
নরসিংদী জেলা মহিলাদলের সভাপতি উম্মে সালমা মায়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান। আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সহ নেতৃবৃন্দ।











